যশোরে প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য দিতে সহস্র শিক্ষকের ভিড়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলামের তদন্তে আসা কমিটির কাছে সাক্ষ্য দিতে সহস্র শিক্ষক ও কর্মকর্তা গতকাল রোববার যশোর সার্কিট হাউসে আসেন। ওই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে অর্থ গ্রহণের অভিযোগ ও দুদকের মামলার তদন্ত করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি তদন্তে যশোর সার্কিট হাউসে অবস্থান করছে শনিবার থেকে। কমিটির অন্য দুই সদস্য হলেন অধিদপ্তরের উপপরিচালক তাপস অধিকারী ও খুলনার সহকারী পরিচালক ফজলে রহমান।

তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে অভিযুক্ত কর্মকর্তার বিষয়ে জেলার যে কোন কর্মকর্তা শিক্ষক ও ব্যক্তির বক্তব্য দিতে

পারবেন বলে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জানান তদন্ত কমিটির প্রধান। সে অনুযায়ী সকাল ১০টা থেকে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মকর্তা সার্কিট হাউসে ভিড় করেন বক্তব্য দিতে। এসময় তাদেরকে লিখিত বক্তব্য দিতে বলেন তদন্ত কমিটির কর্মকর্তারা। বিকেল চারটা পর্যন্ত লিখিত বক্তব্য নেওয়া হয়। সার্কিট হাউসের ডাইনিংয়ের চারটি টেবিলে বসে আগতরা তদন্ত কমিটির সামনে বসে বক্তব্য লিখে তারপর জমা দেন।

সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান মুস্তাফিজুর রহমান জানান, চারশ’র অধিক ও ৫শ’র কম শিক্ষক কর্মকর্তালিখিত বক্তব্য দিয়েছেন। তারা অভিযোগগুলো খামবদ্ধ করে অধিদপ্তরে জমা দেবেন। সেখানে লিখিত বক্তব্যগুলো পর্যালোচনা করবেন শীর্ষ কর্মকর্তারা। এখনই বলা সম্ভব নয় বক্তব্যগুলো অভিযুক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পক্ষে, না বিপক্ষে গেছে।

তবে সকালে তদন্ত কমিটির কাছে বক্তব্য দিতে আসা শিক্ষকরা অধিকাংশই অভিযুক্ত কর্মকর্তার পক্ষে কথা বলেন গণমাধ্যমের সামনে।

গত বুধবার যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম নিজ কার্যালয়ে ঘুষ হিসেবে নেওয়া এক লাখ বিশ হাজার টাকাসহ দুর্নীতি দমন কমিশনের ফাঁদে ধরা পড়েন। দুদকের মামলায় তিনি বর্তমানে কারা অন্তরীণ। সেই দিন থেকে জেলার কর্মকর্তা ও শিক্ষকরা তার পক্ষে আন্দোলন করছেন। তাদের দাবি ওই কর্মকর্তা তাদেরই এক শিক্ষক দ্বারা চক্রান্তের শিকার।