যশোরে প্রতিপক্ষ সন্ত্রাসীর শ্বশুর বাড়িতে হামলা ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় বুধবার প্রতিপক্ষ রমজানের শ্বশুরবাড়িতে হামলা চালিয়ে কুপিয়ে ও আগুন ধরিয়ে মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করেছে সন্ত্রাসীরা। এছাড়া ওই এলাকার একজন নৈশ প্রহরীকেও হুমকি- ধামকি দিয়েছে তারা। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নারী জানান, সকাল সাড়ে ৯টার দিকে দাড়িওয়ালা এক ব্যক্তির নেতৃত্বে ১০/১২ জন যুবককে রাম দা এবং বোমা নিয়ে যেতে দেখেছেন। জিজ্ঞেস করলে তারা তাকে জানান, সন্ত্রাসী পিচ্চি রাজাকে কোপাতে যাচ্ছি। এর পরপরই তিনি জানতে পারেন, রমজানের শ্বশুরবাড়িতে হামলা চালিয়েছে তারা। রমজান শ্বশুরবাড়িতে থাকেন। তিনি বাড়িতে ছিলেন না। ঘরের বাইরে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ছিলো। হামলাকারীরা দা দিয়ে কুপিয়ে এবং আগুন ধরিয়ে দেয় মোটরসাইকেলে।
রমজানের স্ত্রী পপি খাতুন জানান, তার স্বামীর এক ভাই সন্ত্রাসী পিচ্চি রাজার বোনকে বিয়ে করেছেন। হামলাকারীদের সাথে পিচ্চি রাজার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে পিচ্চি রাজাকে না পেয়ে তাদের বাড়িতে এসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
তিনি আরও জানান, সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে এবং স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে হামলাকারী কয়েকজনকে শনাক্ত করতে পেরেছেন। এরা হচ্ছে- রেলগেট ইসমাইল কলোনির ঢ্যাব পকেটমারের ছেলে সাগর, রেলগেটের তারেকের ছেলে ইমন, পলু খাঁর ছেলে জীবন, মৃত কোরবানের ছেলে গোলদার, একই এলাকার নাদিম, রবি ও পুলেরহাটের হৃদয়।
রেলগেট পশ্চিমপাড়া মাঠপাড়া এলাকায় আবাসিক ভবন দেখভালেরর দায়িত্বে নৈশ প্রহারী মন্টু জানান, হামলার পর সন্ত্রাসীরা যাওয়ার সময় তাকেও হুমকি- ধামকি দিয়েছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের তিনি নাকি শেল্টার দিচ্ছেন এই কথা বলে তাকে হুমকি দেওয়া হয়। এর আগেরদিন রাতে মুখবাঁধা অজ্ঞাত পরিচয় লোকজন এসে তাকে গালিগালাজ এবং হুমকি দেন। ওই ঘটনার পর থেকে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উজ্জামান জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে কয়েকজনকে দা দিয়ে মোটরসাইকেল কোপাতে দেখা গেছে। জড়িত কয়েকজনের নামও পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।