যশোরে পৃথক অভিযানে চাকু মাদকদ্রব্যসহ ৫ জন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক অভিযান চালিয়ে চাকু ও মাদকদ্রব্যসহ ৫ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে শহরের সিটি কলেজপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি চাকুসহ আশিফুল আজিম বাঁধন (১৭) নামে এক কিশোরকে আটক হয়। সে বারান্দী মোল্লাপাড়ার আইজুল আজিম বাবুর ছেলে। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে চৌগাছা থানা পুলিশের এসআই বিপ্লব সরকার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্দুলিয়া গ্রামে অভিযান চালান। এ সময় নিজ বাড়ি থেকে রফিকুল শেখ (৩০) নামে এক যুবককে ১৭০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। রফিকুল শেখ একই এলাকার মোকসেদ শেখের ছেলে। একইদিন বিকেলে কোতয়ালি থানা পুলিশের এসআই আবুল হাসান সদর উপজেলার ফরিদপুর পূর্বপাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সজীব আনোয়ার (৩৪) নামে এক যুবককে আটক করেন। পরে তার ঘরে তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সজীব আনোয়ার ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। রাত সাতটার দিকে ডিবি পুলিশের ইনসপেক্টর শাহিনুর রহমান সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কাঁঠালতলা মোড়ে অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ তাহের (৪৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে আটক করেন। তিনি ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোর ক-সার্কেলের ইনসপেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরতলীর ধর্মতলা রেললাইন এলাকায় অভিযান চালান। এ সময় নিজ বাড়ি থেকে সাগর হোসেন (২৯) নামে এক যুবককে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। সাগর হোসেন একই এলাকার সোহাগ হোসেনের ছেলে।