যশোরে পাশাপাশি মাইক লাগিয়ে আ.’লীগের দু’পক্ষের দুটি সভা

0

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে পাশাপাশি মাইক লাগিয়ে পৃথক দুটি শোকসভা করেছে যশোর আওয়ামীলীগের দুটি অংশ। যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে এই সভার আয়োজন করা হলেও প্রধান অতিথি যথাক্রমে কাজী নাবিল আহমেদ এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি সভায় উপস্থিত হননি। সহিংসতা এড়াতে দুটি সভায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। শুক্রবার বিকেলে সভা দুটি অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগ অফিসের পাশে গাড়িখানা সড়কে সদর উপজেলা যুবলীগের সভা অনুষ্ঠিত হয়। এই সভার আয়োজন করে সাবেক সভাপতি অহিদুজ্জামান বাবলু। এখানে প্রধান অতিথি হিসেবে যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের নাম ঘোষণা করা হয়। কিন্তু তিনি সভায় উপস্থিত ছিলেন না। এখানে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা যুুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন টগর, যুবলীগ নেতা মোকসিমুল বারী অপু, মঞ্জুন্নাহার নাজনীন মোনালী প্রমুখ।
অপর সভাটি অনুষ্ঠিত হয় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর ও সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে। এখানে প্রধান অতিথির নাম ঘোষণা করা হয় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যশোর-৬ নির্বাচনী এলাকার এমপি শাহীন চাকলাদারের। তিনিও সভায় উপস্থিত ছিলেন না। এ সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, মাহমুদ হাসান বিপু, সুলতান মাহমুদ বিপুল, অশোক বোস প্রমুখ।