যশোরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু

0
নিহত রেহেনা খাতুন (৩০)।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রুপদিয়ায় পারিবারিক কলহের জেরে রেহেনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

নিহত রেহেনা যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কামালপুর গ্রামের ইব্রাহিমের স্ত্রী। বর্তমানে তারা রুপদিয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে স্বামীর সাথে পারিবারিক বিষয়ে মনোমালিন্য হয় রেহেনার। এরই একপর্যায়ে তিনি নিজ শয়নকক্ষের দরজা বন্ধকরে দীর্ঘক্ষন অবস্থান করেন। পরবর্তীতে স্বামী ইব্রাহিম তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে অবস্থায় দেখতে পান।

এসময় স্বামী ইব্রাহিম তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রেহেনাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভিকটিমের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।