যশোরে দুর্ঘটনায় ৪ জন নিহতের মামলায় আটক কাভার্ডভ্যান চালককে কারাগারে

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর-খুলনার মহাসড়কের চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে কাভার্ডভ্যানের সাথে ইজিবাইক ও ভ্যানের সংঘর্ষে মা ছেলেসহ ৪ জন নিহতের ঘটনায় আটক মাসুদুর রহমানকে (৪০) রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ।

আটক মাসুদুর রহমান ক্যাভার্ডভ্যানের চালক। তিনি যশোর শহরের বারান্দীপাড়া বটতলা এলাকার মোহাম্মদ জনাব আলীর ছেলে।

গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে কাভার্ডভ্যানের সাথে ইজিবাইক ও ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হন। এর মধ্যে ভ্যানচালক আনোয়ার হোসেন রয়েছেন। পরবর্তীতে স্থানীয় জনগণ কাভার্ডভ্যানের চালক মাসুদুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় শনিবার রাতেই নিহত ভ্যানচালক আনোয়ার হোসেনের স্ত্রী লিপি খাতুন কোতয়ালি থানায় মামলা করেন। রোববার মামলার তদন্ত কর্মকর্তা নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. ইয়াসিন আরাফাত আটক মাসুদুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।