যশোরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, ২ জনের মৃত্যুর খবর তিন দিন পর দিল স্বাস্থ্য বিভাগ

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত দুই মাসের মধ্যে বর্তমান জুলাই মাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বলে জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। এদিকে শনিবার তিন দিন পর দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে যশোর সিভিল সার্জন অফিস।
শনিবার সিভিল সার্জন অফিস এক বার্তায় জানিয়েছে, গত ১২ ও ১৩ জুলাই যশোর জেনারেল হাসপাতালে দুই জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন জেলার চৌগাছা উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের দোলন কর্মকার নামে এক ৩৫ বছর বয়সের নারী ও বাঘারপাড়া উপজেলার গৌরনগর গ্রামের ৬৫ বছর বয়সের আব্দুল গফ্ফার। তবে দোলন কর্মকারের মৃত্যুর খবর গতকাল স্থানীয় সংবাদপত্রগুলোতে প্রকাশ পেয়েছে।
এবিষয়ে সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস লোকসমাজকে বলেন, যখন-তখন জানতে হবে এমন কোন কথা আছে কি? যখন সংবাদ পেয়েছেন তখনই স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছেন।
এদিকে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশীদ জানান, যশোরে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
তিনি জানান, গত মে মাসে ছিল হাতে গোনা কয়েক জন রোগী। জুন মাসে ছিল ২৭ জন। বর্তমান জুলাই মাসের এই ১৫ তারিখ পর্যন্ত হাসপাতালে রোগী এসেছেন ৩১ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে দুই জনের। হাসপাতালে ভর্তি আছেন ২০ জন।
সিভিল সার্জন অফিস থেকে এক বার্তায় জানানো হয়েছে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯ জন। এর মধ্যে তিন জন রোগী রয়েছেন ঢাকা থেকে আসা। যশোরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন।