যশোরে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকা ও সরঞ্জামসহ আটক ৪

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার মালঞ্চি এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজন জুয়াড়িকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়, আটককৃতদের মধ্যে দুজন যশোর শহরের আরএন রোডের বাসিন্দা হলেও তাদের স্থায়ী বাড়ি ঝালকাঠি জেলায়। তারা হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার রোলা মোল্লাবাড়ি গ্রামের মৃত রাশেদ মোল্লার ছেলে তোফাজ্জেল মোল্লা টুকু এবং একই উপজেলার জীবনদাসকাঠী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে নাছির উদ্দিন।

বাকি দুজন হলেন- সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বল্ডফিল্ড এলাকার শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ জাকির হোসেন এবং যশোর সদর উপজেলার শাততলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে নূরে আলম সিদ্দিকী মিন্টু।

অভিযান চলাকালীন প্রকাশ্যে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতেনাতে ওই চারজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও কয়েকজন জুয়াড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মালঞ্চি এলাকার মফিজের বাড়িতে জুয়ার আসর বসার খবর পায় পুলিশ। এরই প্রেক্ষিতে কোতোয়ালি থানার তদন্ত ওসি কাজী বাবুল এবং ওসি অপারেশন মমিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় ঘটনাস্থল থেকে জুয়ার বোর্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও তাস উদ্ধার করা হয়েছে। পলাতক জুয়াড়িদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।