যশোরে জুলাই আন্দোলনের যোদ্ধাকে ছুরিকাঘাত: দেখতে হাসপাতালে অনিন্দ্য ইসলাম অমিত ও নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে জুলাই আন্দোলনের অকুতোভয় যোদ্ধা এনাম সিদ্দিকিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জানুয়ারি) সকালে নিজ এলাকায় এই হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তারা আহত এনামের চিকিৎসার খোঁজখবর নেন এবং এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

হাসপাতাল চত্বরে অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের বলেন, “এনাম সিদ্দিকি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। চিকিৎসকদের মতে, তিনি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। এমন একজন নিরীহ মানুষের ওপর কেন হামলা হলো, তা আমাদের বোধগম্য নয়।”

তিনি আরও বলেন, “এনাম জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আমার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি পাশে ছিলেন-এটাই কি তার অপরাধ? যদি তাই হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে এই ঘটনার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

অনিন্দ্য ইসলাম অমিত আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচন বানচাল করা এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ ধরনের সহিংস ঘটনা ঘটানো হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।