যশোরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে যশোরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা মৎস্য ভবনের মিলনায়তনে এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মৎস্য খাতে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য স্বর্ণপদকপ্রাপ্ত ‘ন্যাশনাল ফিশ হ্যাচারি’র স্বত্বাধিকারী আমিনুল হককে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ ছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে যশোর পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতার ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যশোরের মৎস্য খাত স্থানীয় অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতি ও প্রোটিনের চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে এ অঞ্চলের রেণু-পোনা উৎপাদনকারী হ্যাচারি মালিকেরা আধুনিক প্রযুক্তি ও পরিশ্রমের মাধ্যমে সারা দেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডা. আব্দুল্লাহ, মৎস্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রায়হান হোসেন, যশোর জিলা স্কুলের শিক্ষক মনিরুজ্জামান, হ্যাচারি মালিক সাইফুজ্জামান মজু, যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান গোলদার এবং সাধারণ সম্পাদক শামসুদ্দিন চৌধুরী সুমন।

এদিকে জাতীয় স্বর্ণপদক লাভ করায় ‘ন্যাশনাল ফিশ হ্যাচারি’র স্বত্বাধিকারী আমিনুল হককে শুভেচ্ছা জানিয়ে যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।