যশোরে স্বর্ণের দুটি বারসহ পাচারকারী আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সাড়ে ৩শ গ্রাম ওজনের স্বর্ণের দুটি বারসহ ওসমান গনি (৫০) নামে পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল সড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওসমান গনি মানিকগঞ্জের সিংগাইল উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি অভিযানিক টহলদল যশোর-নড়াইল সড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়।

এ সময় সেখান থেকে ওসমান গনি নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে স্বর্ণের দুটি বার উদ্ধার করা হয়। যার ওজন সাড়ে ৩শ গ্রাম। বর্তমান বাজার মূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা।

এছাড়া তার কাছ থেকে নগদ ১১ হাজার ৬শ টাকা উদ্ধার করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওসমান গনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোলে যাচ্ছিলেন ভারতে স্বর্ণের বার পাচারের জন্য।

এ ব্যপারের কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।