যশোরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার সচেতনতায় বিনামূল্যে পরীক্ষা ও প্রচারণা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক ও বিনামূল্যে পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচি, রোটারি ক্লাব অব ঢাকা, সেভ লাইফ ফাউন্ডেশন এবং রোটারি ক্লাব অব যশোরের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।

রোটারি ক্লাব অব যশোরের সভাপতি মো. সেলিম রেজা বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসাইন শাফায়াত।

এসময় হাসপাতালের গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, রোটারি ক্লাব অব যশোরের সেক্রেটারি মো. নাসিম উদ্দিন খানসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কর্মসূচিতে আগত নারীদের বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের প্রাথমিক পরীক্ষা করা হয় এবং এই মরণব্যাধি থেকে রক্ষায় সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।