যশোরে চোলাই মদসহ দোকানের তিন কর্মচারী আটক,মালিকেরা ধরা পড়ে না

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বাবু বাজারে আবারো অভিযান চালিয়েছেন র‌্যাব। এ সময় ২১৫ লিটার চোলাই মদসহ ৩ জন আটক হয়েছে। তবে চোলাই মদের দোকানের মালিকেরা র‌্যাবের অভিযানে ধরা পড়েনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম মাহামুদুর রহমান মোল্লার নেতৃত্বে একটি টিম বাবু বাজারে অভিযান চালায়। এ সময় সেখানকার বকুলের টিনশেডের একটি ঘর থেকে ২১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এই মদ ৫টি জারকিনে ছিলো। সূত্র জানায়, অভিযানে ওই ঘর থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়। এরা হচ্ছে, সদর উপজেলার চাঁনপাড়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে আরিফ মোল্লা, বিরামপুর কালিতলার আব্দুল কাদেরের ছেলে ইব্রাহিম ও মণিরামপুর উপজেলার জলকারিতা গ্রামের আব্দুল আজিজের ছেলে জুলফিকার আলী। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, র‌্যাবের অভিযান আটক ৩ জন মদ ব্যবসায়ীর কর্মচারী মাত্র। এর আগে একই এলাকায় র‌্যাবের অভিযানে আটক দুজন ছিলো মাদক ব্যবসায়ীদের কর্মচারী। এই দোকানের মালিকেরা র‌্যাব অথবা অন্য কোন সংস্থার অভিযানের খবর আগে থেকে পেয়ে যায়। এবং নিজেরা দোকান থেকে দূরে অবস্থান করে। অভিযানের পর আটক কর্মচারীদের জামিন করার জন্য এই মালিকেরাই আদালতে আইনজীবী নিয়োগ দেয়।