যশোরে চার মন্ত্রীর নেতৃত্বে বিএনপির তিন সংগঠনের নৈরাজ্যবিরোধী মিছিল

আ.লীগের পুনরুত্থান রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার অভিযোগ এনে এবং এর প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির সহযোগী সংগঠন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শনিবার বিকেলে শহরের মণিহার এলাকা থেকে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ‘ফ্যাসিস্ট খুনিদের বিচার প্রক্রিয়ায় কেউ যদি বাধা কিংবা গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, সে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা গুপ্ত-সুপ্ত যেই হোক, দেশের স্বার্থে কোনো আপস করব না। রাষ্ট্র মেরামতের কাজ ও খুনিদের বিচার চলছে। এ সময়ে কোনো প্রকার আগুন সন্ত্রাস আমরা বরদাশত করব না।’

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ আজ এক কাতারে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা, খুনিদের বিচার সম্পন্ন করা এবং রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি শুরু হয়েছে, সেই পথেই অবিচলভাবে এগিয়ে যাব।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সেই লড়াই চূড়ান্ত গতি পায়। রক্তস্নাত পথ পেরিয়ে গণতন্ত্র ফিরে এসেছে।

তিনি বলেন, ‘জনগণ ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে নির্বাচিত করেছে। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সমাজের সকল স্তরে সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করছেন।’

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নতুন করে দেশে উত্তপ্ত পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করা হয়েছিল। ঠিক একইভাবে তাদের পুনরুত্থানও রুখে দেওয়া হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।