যশোরে গ্রাসরুটস ফুটবল ডে উদযাপন বিমোহিত আর্জেন্টিনার রাষ্ট্রদূত

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর শহরতলী হামিদপুরস্থ শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি শামস্-উল-হুদা ফুটবল একাডেমির ভাষা সৈনিক মুসা মিয়া ভবনের উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ফুটবল খেলা হয়। এখানে ধনি-গরিব, ছোট-বড় সব স্তরের মানুষই ফুটবল খেলা দেখতে মাঠে আসে। ফুটবল খেলার আনন্দ সকলেই ভাগাভাগি করে নেয়। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশে ফুটবলের সফলতা আসবে।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমরা তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড়দের উন্নয়ন করতে চাই। গ্রাসরুটস ফুটবল দিবস ও বিশ্ব ফুটবল সপ্তাহে তৃণমূল থেকে ছয়শ’ ফুটবলার অংশ নিয়েছে। সারাদেশে বাফুফের অন্তর্ভুক্ত রয়েছে ২২২টি একাডেমি। প্রতিটি একাডেমির পেছনে বাফুফে কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকে। কারণ গ্রাসরুটস লেভেলে আমাদের খেলোয়াড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এসব ফুটবলারের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই। এই মাঠে তৃণমূল পর্যায় থেকে অনেক খেলোয়াড়ের অংশগ্রহণ আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। আজকে এখান থেকে আমি যে উৎসাহ নিয়ে যাচ্ছি এটা দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেবো।’

তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে দুই দেশের ফুটবল উন্নয়নের জন্য একটি লিখিত চুক্তি আছে। একইসাথে দুই দেশের সমর্থকদের আত্মার সম্পর্ক রয়েছে। আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিজেই বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ফুটবলারদের দেখতে ছুটে এসেছেন, যা খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করবে। শামস্-উল-হুদা ফুটবল একাডেমি যা করছে, তাতে গ্রাম পর্যায় থেকে ফুটবলের উন্নয়ন হবে। ফুটবলের উন্নয়নে আমরা এমন মাঠই চাই।’

দিনব্যাপী অনুষ্ঠানে খুলনা বিভাগের ১৫টি ফুটবল একাডেমি থেকে ছয় শতাধিক ফুটবলার অংশ নেয়, যার মধ্যে ১৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন ফুটবলার ছিলেন। পরে তাদের মধ্যে একটি সংক্ষিপ্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং অতিথিরা তাদের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি নাসের শাহারিয়ার জাহেদী, ওহেদ উদ্দীন চৌধুরী, ফাহাদ কবীর, সদস্য ইকবল হোসেন, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন শাহিন, সাইদুর রহমান মনি প্রমুখ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল যশোর প্রেসক্লাবে ক্রীড়াবিদ-সংগঠকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। যশোরের বর্তমান ও সাবেক ফুটবলারদের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তাবিথ আউয়ালকে যশোরের ক্রীড়াবিদ-সংগঠকদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।