যশোরে গলা কেটে হত্যা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। নিহত রেজাউল ইসলাম (৫০) একই গ্রামের গোলাম তরফদারের ছেলে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বুধবার জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশেই তাকে উপর্যুপরি কুপিয়ে ও গলা কেটে  হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, নিহত রেজাউলের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ৯টি মামলা রয়েছে। এগুলোর অধিকাংশ ডাকাতি চেষ্টা, অস্ত্র ও মাদক বিরোধী অভিযোগে দায়ের করা।

এ হত্যাকাণ্ডের সাথে গ্রামের লোক জড়িতবলে দাবি করেছেন নিহতের স্ত্রী শিউলি বেগম জানান, তাদের নাম জানাবেন তিনি আস্তে আস্তে।

তিনি জানান,  রাত সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে একটি কল আসলে রেজাউল বাড়ির ছাদে বসে কিছুক্ষণ কথা বলেন। এরপর দরজা খুলে বাইরে যান। কোথায় যাচ্ছেন জানতে চাইলে বলেন,  কথা বলে আসছি।

শিউলি আরও জানান, কারা ডাকছে জানতে চাইলে রেজাুউল বলেছিলেন, এসে জানাচ্ছি। এর কিছু সময় পর প্রতিবেশীদের ডাকে ঘুম ভেঙে জানতে পারেন রেজাউলকে হত্যা করা হয়েছে। তিনি গিয়ে দেখতে পান কাটা একটি গাছের উপর পড়ে আছেন নিথর রেজাউল।

রেজাউল ইসলাম যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী।