এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে নতুন পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন

0
এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য চার লাখের বেশি শিক্ষার্থী এক মাসের মধ্যে কেবল ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন।। ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা মাত্র এক মাসের মধ্যে কেবল ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার বিশেষ সুযোগ পাচ্ছেন। এবারের পরীক্ষায় কেবল এক ও দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।

আজ শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

উল্লেখ্য, বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে সাধারণত এক বছর পর অর্থাৎ পরের বছরের পরীক্ষায় আবার অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শিক্ষার্থী কেবল অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে কিংবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দিতে পারেন।

তবে মাত্র এক বা দুটি বিষয়ে ফেল করার কারণে একজন শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হতো, যা তাদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি বাড়তি মানসিক চাপ তৈরি করত। এই নতুন ব্যবস্থার ফলে শিক্ষার্থীদের সেই দীর্ঘ অপেক্ষা ও মানসিক চাপ থেকে মুক্তি মিলবে।