যশোরে ঘরের মধ্যে বোমা বিস্ফোরণে শিশু দুই ভাই-বোন হতাহত

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে ঘরের ভিতরে বোমা বিস্ফোরণে শিশু দুই ভাই-বোন হতাহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুরে নুরুন্নবীর বস্তিতে এ ঘটনা ঘটে। নিহত খাদিজাতুল কুবরা (৫) ও আহত সজিব আহমেদ (৭) শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত সুজন হোসেনের সন্তান।

যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঘরের ভিতরে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান। আহত ভাই বোনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থান অবনতি হওয়ায় চিকিৎসক তাদের ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় যাওয়ার পথে মেয়েটি মৃত্যু হয়েছে। মরদেহ যশোরে আনার পর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়। আহত সজিব একই হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক শরিফুল ইসলাম রঞ্জু জানান, বিস্ফোরিত বোমার আঘাতে খাদিজার পেটের নাড়িভুড়ি ছিন্নভিন্ন হয়ে যায় এবং সজিবের একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি কেটে ফেলা হয়। তাদের অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছিল।

হতাহতদের মা সুমি খাতুন জানান, যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক খাদিজা ও সজিবকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় খাদিজার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, তাদের ঘরের পাশেই কলাবাগান। সেখানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সেটি ঘরে নিয়ে আসে তার ছেলে সজিব। ভেতরে কী ছিলো সে তা জানতো না। ব্যাগ নিয়ে সে ও খাদিজা খেলা করার সময় ব্যাগের ভেতরে থাকা বোমার বিস্ফোরণ হলে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে স্থানীয় কারো কারো অভিযোগ, প্রতিবেশী হাফিজুর ওরফে নাপিত হাফিজুরের ছেলে সন্ত্রাসী মুসা হতাহতদের সৎপিতা রিকশাচালক শাহাদত হোসেনসহ দুই সহযোগীকে সাথে নিয়ে রাতভর নানা অপরাধমূলক কর্মকান্ড করে বেড়ায় এবং বোমা তৈরি করে। শাহাদত হোসেনের ঘরের ভেতরই বোমা তৈরি করে রেখে দিয়েছিলো মুসা। সেই বোমার বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বোমা বিস্ফোরণে হতাহত খাদিজা ও সজিবের পিতা সুজনের মৃত্যুর পর তাদের চাচা শহিদুলের সাথে মা সুমি খাতুনের বিয়ে হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব ও সেনাবাহিনীর সদস্যরা।

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, তারা এ বিষয়ে সার্বিক খোঁজখবর নিচ্ছেন। এ ঘটনার সাথে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বোমায় দুই ভাই বোনের হতাহতের ঘটনায় তাদের পরিবারকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেছেন।