যশোরে করোনা শনাক্তে স্বস্তি , মৃত্যুর সংখ্যায় অস্বস্তি

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোরে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। এ নিয়ে করোনা ও উপসর্গে জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায়। এসময়ে মৃত্যু বাড়লেও শনাক্তের সংখ্যা অন্যান্য দিনের চেয়ে কম ছিলো। যাদের মৃত্যু হয়েছে তারা সকলেই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানান, গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন। ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে হাসপাতালের রেড জোনে ভর্তি ছিলেন সাতজন এবং উপসর্গ নিয়ে ইয়েলো জোনে ছিলেন একজন। বর্তমানে হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১০০ জন। ইয়েলো জোনে আছেন ২৭ জন। তিনি বলেন, করোনা সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা ঠিক আগের মত রয়েছে। তবে চিকিৎসা সেবা প্রদানে আমাদের পক্ষ থেকে সার্বিক চেষ্টা অব্যাহত রয়েছে।
জেলা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মো. রেহনেওয়াজ বলেন, রোববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ১৩৬টি নমুনা পরীক্ষা করে সাতজনের শরীরে কোভিড-১৯ ভাইরাস পাওয়া গেছে। জিন অ্যাক্সপার্টে ৫ ও র‌্যাপিড অ্যান্টিজেনে ২৮৫ টি নমুনা পরীক্ষা করফ ৭৪ জনের শরীরে করোনা পজেটিভ রেজাল্ট পাওয়া। সবমিলে মোট ৮৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। তিনি বলেন, শনাক্ত বিবেচনায় অন্যান্য দিনের চেয়ে আজ অনেকটা স্বস্তিদায়ক। তবে মৃত্যুর সংখ্যা ঠিক আগের মত রয়েছে।
জেলা সিভিল সার্জন সেখ আবু শাহীন বলেন, করোনা সংক্রমণ রোধে আমরা স্বাস্থ্যবিধি সুরক্ষার পাশাপাশি টিকা কর্মসুচি বাস্তবায়নে বেশি গুরুত্ব দিচ্ছি। টিকার জন্য যারা প্রাপ্ত বয়স্ক তাদেরকে নিবন্ধনের আওতায় আসার জন্য উৎসাহিত করছি। তিনি বলেন, করোনার ভয়াবহ থাবা থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কাউকে বের হওয়া যাবেনা। এসব বিষয়ে মানুষ যত সচেতন হবে ততই সংক্রমণে শনাক্ত ও মৃতের হার কমবে বলে তিনি দাবি করেন।