যশোরে কংকাল রহস্য আরো ২ জন আটক, অপর হত্যা মামলায় আগেই কারাগারে মূল অভিযুক্ত সজিব

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পুরাতন কসবা নিরিবিলি এলাকায় ৭ বছর আগে রাজীবকে নৃসংশভাবে হত্যায় মূল অভিযুক্ত সজিবুর রহমান সজিব অপর একটি হত্যা মামলায় কারাগারে আটক রয়েছেন। রাজীব হত্যা মামলায় তাকে আটকের জন্য আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এছাড়া রাজীব হত্যাকণ্ডে জড়িত সন্দেহে আরো দুই জনকে আটক করেছে তদন্ত সংস্থাটি। গত মঙ্গলবার রাতে পুরাতন কসবা নিরিবিলি এলাকা থেকে তাদের আটক করা হয়।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন।আটকরা হলেন, পুরাতন কসবা লিচুতলা এলাকার মৃত আব্দুল মান্নান মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা (৩৪) ও নিরিবিলি এলাকার গোলাম মোস্তফার ছেলে জয়নাল হাওলাদার (৩০)।ব্রিফিংয়ে বলা হয়, রাজীবকে কী জন্য হত্যা করা হয়েছিলো সেই বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পিবিআই। এছাড়া হত্যায় আর কারা জড়িত ছিলো তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পিবিআই সূত্র জানায়, রাজীব হত্যায় অভিযুক্ত সজিব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী নাইমুল ইসলাম রিয়াদ হত্যা মামলায় গত অক্টোবরে আটক হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ায় তাকে রাজীব হত্যা মামলায় আটকের জন্য আদালতে আবেদনের প্রস্তুতি চলছে। আটকের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারলে রাজীবকে কী কারণে হত্যা করা হয়েছিলো এবং এর সাথে কারা জড়িত ছিলো তা জানা যেতে পারে বলে তারা মনে করছেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছাত্রলীগ কর্মী পরিবেশ বিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র কাজী নাইমুল ইসলাম রিয়াদকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করে তার দলীয় প্রতিপক্ষ। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ঘোষিত কমিটির বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে হত্যা করা হয়। এই মামলায় সজিবসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন সিআইডি পুলিশের তৎকালীন ইন্সপেক্টর মোমতাজুল হক। চার্জশিটে উল্লেখ করা হয়, রিয়াদকে প্রথম ছুরিকাঘাত করেছিলেন আসামি সজিব। অপরদিকে রাজীব হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই মো. জিয়াউর রহমান জানান, আটক ইব্রাহিম ও জয়নালকে বুধবার আদালতে সোপর্দ করেছেন। একই সাথে রাজীব হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রত্যেকের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছেন।  স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম এক সময় সজিবের বাড়িতে ভাড়া থাকতেন। আর জয়নাল ভাড়া থাকতেন সজিবের চাচা রবিউলের বাড়িতে। তারা দুজনেই রঙ মিস্ত্রি। তবে তাদেরকে সজীবের সাথে বিভিন্ন মিছিলে অংশ নিতে দেখা যেতো।  প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে পিবিআই ইন্সপেক্টর শামীম মুসা, ফসিয়ূর রহমান, তদন্ত কর্মকর্তা এসআই মো. জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে ছাত্রলীগ নেতা সজীবের নেতৃত্বে রাজীবকে প্রায় ৭ বছর আগে নৃসংশভাবে হত্যা করা হয়েছিলো এবং পুরাতন কসবা নিরিবিলি এলাকায় ড্রামের ভেতর পাওয়া কঙ্কালটি তারই এ সংক্রান্ত সংবাদ বুধবার দৈনিক লোকসমাজে প্রকাশিত হওয়ার পর ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সজীবের ভয়াবহ নৃসংশতায় চমকে উঠেছেন স্থানীয় লোকজন।