ওসমান হাদি হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও দোয়া

0

স্টাফ রিপোর্টার ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ‘জুলাই বিপ্লবের’ লড়াকু সৈনিক শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর।

আজ শুক্রবার বাদ জুম্মা ‘যশোরের ছাত্র-জনতা’র ব্যানারে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দুপুরে যশোর মডেল মসজিদে জুমার নামাজ শেষে নিহত ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মসজিদের সামনে থেকে সাধারণ শিক্ষার্থী ও তৌহিদী জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক যশোর প্রেসক্লাব, ঈদগাহ মোড় ও দড়াটানা মোড় প্রদক্ষিণ করে পুরাতন কসবা শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচার দাবি করে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় রাজপথ স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।

এসময আন্দোলনকারীরা- “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে?”, “ভারতীয় আধিপত্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” এবং “মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ” সহ বিভিন্ন সরকারবিরোধী ও বিপ্লবাত্মক স্লোগান দেন।

মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন দেশপ্রেমিক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক কণ্ঠস্বর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ইনকিলাব ও ছাত্র-জনতার কণ্ঠরোধ করা যাবে না। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে আবারও নিহতের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।