যশোরে এহসান কর্মী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে লগ্নিকারীদের প্রায় আড়াই কোটি আত্মসাতের মামলায় এহসান সংস্থার কর্মী (এফও) লোকমান হোসেনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার গভীর রাতে যশোর শহরের বারান্দী মাঠপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক লোকমান হোসেন চাঁদপুর সদরের বিষ্ণুপুর গ্রামের রুস্তম আলী মিয়াজীর ছেলে এবং যশোর শহরের বারান্দী মাঠপাড়া মসজিদে ইমাম।
উল্লেখ্য, প্রতারণার আশ্রয় নিয়ে ৩০ জন লগ্নিকারীর ২ কোটি ৪৫ লাখ টাকা ৩৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গত ১৯ সেপ্টেম্বর কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। এসহান সংস্থার চেয়ারম্যান মুফতি আবু তাহের নদভীসহ ২৮ জনকে আসামি করে লগ্নিকারীদের পক্ষে মামলাটি করেন শহরের পশ্চিম বারান্দীপাড়া কদমতলা এলাকার রবিউল হোসেনের ছেলে মফিজুল ইসলাম ইমন। আটক লোকমান হোসেন এই মামলার এজাহারভুক্ত ২৪ নম্বর আসামি। পিবিআই সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ইনসপেক্টর হিরন্ময় সরকার গত বুধবার গভীর রাতে বারান্দী মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি লোকমান হোসেনকে আটক করেন। পরদিন বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।