যশোরে ইট ভাটা মালিক-শ্রমিকদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার ।। যশোরের ইট ভাটা মালিক ও শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয় বিক্ষোভ করেছেন। জিগজাগ ইট ভাটা বন্ধের প্রতিবাদে এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৯-এ বর্ণিত জিগজাগ ইট ভাটার ছাড়পত্র ও লাইসেন্সপ্রাপ্তির জটিলতা নিরসনের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার সাড়ে ১১টার দিকে জেলার ৮টি উপজেলার ১৪৬টি ইট ভাটার মালিক ও শ্রমিকরা মিছিলসহ এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সরকারের নির্দেশে বন্ধ করে দেওয়া ভাটা চালুর দাবিতে তারা বক্তব্য দেন।

এসময় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম কার্যালয় থেকে বেরিয়ে আসলে তাকে স্মারকলিপি দেন ইট প্রস্তুতকারী মালিক সমিতি যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। স্মারকলিপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর দেওয়া হয়।

জেলা প্রশাসক বিক্ষোভকারীদের হাইকোর্ট ডিভিশন থেকে দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, তাদের দেওয়া স্মারকলিপি তিনি যথাযথ স্থানে পৌঁছে দেবেন।


এদিকে শতাধিক ভাটার বিপুল সংখ্যক শ্রমিক এক সাথে বিভিন্ন সড়ক দিয়ে যশোর শহরে প্রবেশ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়।