যশোরে আ.লীগের সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নিয়ে আলোচনা

0

সুন্দর সাহা ॥ যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচনের মনোনয়ন ঘোষণার সাথে সাথে যশোর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। জনগণের ভোটাধিকার হরণের সংস্কৃতি ভয়াবহ রূপ নেয়ায় মানুষ অন্য কোনো দল নয় উপজেলা চেয়ারম্যান পদটি আওয়ামী লীগই নেবে এই ধারণা অনেকটা বদ্ধমূল হয়ে পড়েছে। সংগত কারণেই শাহীন চাকলাদারের উত্তরসূরী কে হচ্ছেন সেটায় জনগণ জানার চেষ্টা করছেন। কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিভক্তি এবং একাধিক নেতা দলীয় মনোনয়নের চেষ্টা করাই কেউ নিশ্চিত হতে পারছেন না কে হবেন সদর উপজেলা পরিষদের পরবর্তী কান্ডারী।
যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নের আশায় আওয়ামী লীগের অনেক নেতায় ছুঁটছেন বলে জানা গেছে। দলীয় প্রার্থী হওয়ার দৌড়ে যারা এগিয়ে আছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ও যশোর জেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর কবু। এছাড়া যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপু, শাহীন চাকলাদারের চাচাতো ভাই ও তার দক্ষিণহস্ত খ্যাত তৌহিদুল চাকলাদার ফন্টুসহ অনেকের নাম প্রার্থী তালিকার রয়েছে। এখন দেখার বিষয় মনোনয়ন নামক সোনার হরিণ কার ভাগ্যে জোটে। যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে যে যার মত করে ছুঁটছেন।
যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা শহিদুল ইসলাম মিলনের সাথে যোগাযোগ করা হলে তিনি লোকসমাজকে বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে। এখনও তো ঘোষণা হয়নি। ঘোষণা হোক। তারপর বিস্তারিত জানাবো।” এই পদের অন্যতম দাবিদার যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,“আমি যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশা করি। আমি দীর্ঘদিন ধরেই এই প্রত্যাশা করে আসছি। এখনও ঘোষণা হয়নি, ঘোষণা হোক তখন বলা যাবে। এবার আমি দলীয় মনোনয়ন পারো বলে আশাবাদী।” আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর কবুর সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, “আমি দলীয় মনোনয়ন চাইব্,ো দল মনোনয়ন দিলে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। আর দলীয় মনোনয়ন প্রাপ্তির প্রত্যাশার ব্যাপারে আমি জোরালো আশাবাদী।” প্রসঙ্গত, যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচনের মনোনয়ন ঘোষণা করার পর ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার। আর এ কারণেই সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। দলের ত্যাগী নেতারা ছুঁটছেন সেই আসন পূরণের জন্য। কে পাবেন দলীয় মনোনয়ন? কে হবেন শাহীন চাকলাদারের উত্তরসূরী, সেটায় জনগণ জানার চেষ্টা করছেন। জানতে চাইছেন দলীয় নেতা-কর্মীরা। তফসিল ঘোষণার পরই সব জানা যাবে। কার ভাগ্যে জুটবে আওয়ামী লীগের মনোনয়ন নামের সোনার হরিণ সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।