যশোরে আলোচিত কাকন হত্যায় জড়িত অভিযোগে সন্ত্রাসী সানি আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়ার বহুল আলোচিত তাঁতী লীগের নেতা আব্দুর রহমান কাকন হত্যার সাথে জড়িত অভিযোগে সানিকে (২৬) নামে এক দুর্বৃত্তকে আটক করেছে সিআইডি পুলিশ।

গত সোমবার গভীর রাতে উপশহরের শফিউল্লাহ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সানি শহরের বারান্দীপাড়া মেঠোপুকুর পাড় চাতাল এলাকার মৃত রিয়াজ হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ নভেম্বর রাতে পূর্ব বারান্দী মোল্লাপাড়া কবরস্থানের পাশে জনৈক নারায়ণের চায়ের দোকানে আব্দুর রহমান কাকনকে মারধর করে দুর্বৃত্তরা। একপর্যায়ে দুর্বৃত্তরা তার বুকের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় কাকনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহত কাকনের মা সুফিয় বেগম অজ্ঞাতনামাদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।

মামলাটি প্রথমে থানা পুলিশ এবং পরে সিআইডি পুলিশ তদন্তভার গ্রহণ করে। ২০২১ সালের ২৫ নভেম্বর পুলিশ শরিফুল ইসলাম জিতু নামে এক সন্ত্রাসীকে আটক করে। আটকের পর তাকে আদালতে সোপর্দ করা হলে শরিফুল ইসলাম জিতু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

জবানবন্দিতে শরিফুল ইসলাম জিতু দাবি করেন, সানি, শফি ও সাদ্দাম মোল্লাসহ তারা আরো কয়েকজন কাকনকে ছুরিকাঘাত করে হত্যা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ যশোরের ইনসপেক্টর সেলিম রেজা জানান, সানি তদন্তে প্রাপ্ত আসামি। তাকে উপশহর থেকে আটক করা হয়েছে।