যশোরে আরো একটি ভেজাল লুব্রিকেন্ট কারখানার সন্ধান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরে ফের একটি ভেজাল লুব্রিকেন্ট কারখানা আবিষ্কার হয়েছে। রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও কোতয়ালি থানার পুলিশ মেসার্স কর্নফুলি অটো নামে ভেজাল ওই লুব্রিকেন্ট কারাখানায় অভিযান চালায়। এ সময় মালিক সজীব হোসেনকে ২০ হাজার টাকা অর্থদ- প্রদান এবং কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
কোতয়ালি থানা পুলিশের এসআই নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, একটি চক্র শহরের আরএন রোড সংলগ্ন রাঙ্গামাটি গ্যারেজ এলাকায় ঘর ভাড়া করে ভেজাল লুব্রিকেন্ট(মবিল) তৈরি করছে। সেখানে খালি বোতলে ভেজাল মবিল ভরে দেশি বিদেশি কোম্পানির ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বাজারজাত করা হচ্ছে। এ খবর পেয়ে তিনি দুপুরে তাৎক্ষণিক সেখানে অভিযান চালান এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে বিষয়টি জানানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, মেসার্স কর্নফুলি অটো নামে ওই কারখানায় শুধু বিভিন্ন ব্র্যান্ডের লুব্রিকেন্টের নকল স্টিকার নয়, বিএসটিআই’র নকল স্টিকারও বোতলের গায়ে লাগানো হচ্ছিলো। তারা প্রতিষ্ঠান মালিক সজীব হোসেনকে ২০ হাজার টাকা অর্থদ-, সকল সরঞ্জাম উদ্ধারসহ পুুড়িয়ে ধ্বংস করেছেন। এ ছাড়া প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন।
স্থানীয়রা জানান, মেসার্স কর্নফুলি অটোর মালিক সজীব হোসেনের বাড়ি খাজুরায়। তিনি ৩ মাস আগে শহরের রাঙ্গামাটি এলাকার একটি ঘর ভাড়া নিয়ে সেখানে ভেজাল লুব্রিকেন্ট বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের স্টিকারে বোতলে ঢুকিয়ে বাজারজাত করে আসছিলেন।
উল্লেখ্য, এর আগে শহরের ঢাকা রোড মোল্লাপাড়ায় অনুরুপ একটি ভেজাল লুবিকেন্ট কারখানা আবিষ্কার এবং ১ লাখ টাকা অর্থদ- প্রদান করেছিলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।