যশোরে আজ শুরু জেলা ইজতিমা

0

স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির কণ্ঠের আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হবে যশোর জেলা ইজতিমা ময়দান। তাবলীগ জামায়াতের দিল্লি নিজাম উদ্দীন মার্কাজ মসজিদের আমির হযরত মাওলানা সাদের অনুসারীদের আয়োজনে উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে শুরু হচ্ছে তিনব্যাপী জেলা ইজতিমা।
তিন দিনের এই ইজতিমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির প্রধান এস এম ইয়ামিনুর রহমান। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে যশোর জেলার তিনদিনব্যাপী ইজতিমা শুরু হয়ে রোববার আখেরি মুনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে।
এদিকে মারকাজ মসজিদের মাঠসহ আশপাশের আরও দুটি মাঠে আগত মুসল্লিদের জন্যে বিশাল আকৃতির প্যান্ডেল তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতিমার মাঠে আসতে শুরু করেন। যশোরের আটটি উপজেলাসহ আশপাশ ৫০ থেকে ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিচ্ছেন। আজ ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্যে দিয়ে ইজতিমা শুরু হবে। ইজতিমার মাঠে জুমার নামাজ আদায় করা হবে। নামাজ শেষে বিশেষ বয়ান করা হবে। ইজতিমার মাঠে প্রতি ওয়াক্তের নামাজ শেষে হেদায়েতের বয়ান করবেন দেশ বরেণ্য আলেম ও আরবের মেহমানরা।
তিনি বলেন, রোববার সকাল ১০টায় হেদায়েতের বয়ান শেষে আখেরি মুনাজাতের মধ্যে দিয়ে যশোর জেলা ইজতিমা শেষ হবে। এখান থেকে ৬০ টি চিল্লার জামায়াত বের হবে।