যশোরে আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে : ১৫ দিনে হাসপাতালে ভর্তি ১৯৪, কিশোরীর মৃত্যু

0

বি এম আসাদ ॥ যশোরে নিরবে বাড়ছে এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরের ভয়াবহতা। চলতি মাসের প্রথম ১৫ দিনে আক্রান্ত হয়েছেন ১৯৪ জন। এরমধ্যে এক কিশোরীর মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪০জন। মৃত্যু হয়েছে ৩ জনের।
যশোর সিভিল সার্জন অফিসের ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৮ টা হতে গতকাল বুধবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ১ অক্টোবর হতে ১৫ অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯৪। আক্রান্তদের ভেতর ১ অক্টোবর মারা যান কিশোরী মার্জিয়া। যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মার্জিয়া যশোরের মনিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের রফিকুল ইসলামের কন্যা। এর আগে গত ২৯ জুলাই ঝিকরগাছা উপজেলার হাজেরালী গ্রামের হযরত আলীর স্ত্রী শাহিদা বেগম (৬৫) ও ১০মে চৌগাছা উপজেলার আব্দুল হান্নান (৬৫) মৃত্যুবরণ করেন।
গত ১ জানুয়ারি হতে ১৬ অক্টোবর পর্যন্ত জেলায় ৬৪০ জন ডেঙ্গু ঘরে আক্রান্ত হয়েছেন জানিয়েছে সিভিল সার্জন অফিস। এরমধ্যে চিকিৎসায় সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন ৫৮০ জন। সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীরা এ পরিসংখ্যানের আওতায় এসেছে। এর বাইরেও রোগী থাকতে পারে।
যশোরের সিভিল সার্জন ডা. মো. মাহমুদুল হাসান ও ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক জানান, অন্য বছরগুলোতে বাইরে থেকে আক্রান্ত রোগী যশোরে আসতো। এবার স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যাই বেশি। মাত্র ৫ জন ঢাকা থেকে আক্রান্ত হয়ে যশোরে এসেছেন। স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়াটা দুশ্চিন্তার বিষয়। যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।