যশোরে অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী এলাকায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান শুরু

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ কোদাল হাতে কেউ কেউ ড্রেনে জমে থাকা ময়লা তুলছেন। কারও হাতে ময়লা ফেলার ডাস্টবিন। অনেকে দুই হাত দিয়ে ময়লা কুড়াচ্ছেন। কেউ আবার বেলচা দিয়ে সেই ময়লা ডাস্টবিন ভর্তি করছেন।

আগে কখনো যশোর শহরে কোন রাজনৈতিক দলের এমন পরিচ্ছন্নতা কার্যক্রম চোখে না পড়লেও, শনিবার যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড চোখে পড়ে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যশোর -৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী এলাকায় শনিবার জেলা স্বেচ্ছাসেবক দল আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি শুরু করেছে। এদিন সকালে যশোর পৌর সদরের ঘোপ ৩ নং ওয়ার্ডে এই কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারমান অধ্যাপক নার্গিস বেগম।

প্রথম দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাড়াও ১ এবং ২ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। জেলা স্বেচ্ছাসেবক দলের এই কর্মসূচিতে সংগঠনের নগর শাখার নেতৃবৃন্দ যুক্ত ছিলেন। স্বেচ্ছাসেবক দলের এই কার্যক্রম যশোর পৌরবাসীদের মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।

 

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতি সরকার দলীয় সকল সংসদ সদস্যদের প্রতি সপ্তাহের শনিবার নিজ এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর জন্য নির্দেশ দিয়েছেন।

বিশেষ করে সামনে বর্ষা মৌসুম মশার উপদ্রবের সাথে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রকট আকার ধারণ করে। এই সকলে বিষয়ে জনগণকে অগ্রীম সর্তকতা এবং সচেতন করতেই সরকার প্রধান এই জাতীয় নির্দেশনা দিয়েছেন।

সেই নির্দেশনার আলোকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতে নির্দেশে তার সংসদীয় আসন যশোর পৌর সদরের তিনটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে কর্মসূচি শুরু করেছি। আমরা সকলকে সচেতনত হওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।