যশোরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে সন্ত্রাসী হামলায় পাঁচজন আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পুরাতনকসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজারে সন্ত্রাসী হামলায় ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শামীমুজামান শামীম (৫৫) নামে এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। লিচুপাড়া কুড়ানোকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

আহত শামিমুজ্জামান শামীমের বাসা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজাররোডস্থ মিরপাড়ায়। আহত অন্যরা হলেন, শামীমের পুত্র ফারহান (১৪), সাইদুজ্জামানের পুত্র ফেরদৌস হোসেন (১৬), পোলাডাঙ্গা এলাকার আপন (১৬) ও ধর্মতলা এলাকার আকাশ (১৮)। তারা হাসপাতালকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আমিরুজ্জামান শামীম জানিয়েছেন, রোববার দুপুর একটার দিকে ওই ছেলেরা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজার এলাকায় ডাকুর লিচু গাছের নিচে খেলা করার সময় পড়ে থাকা লিচু কুড়াচ্ছিল। এ সময় ডাকুর ভাই কাঁচামাল ব্যবসায়ী হাসিব তার দোকানের কর্মচারী সিয়াম শাহিন চার পাঁচ জন ফারহান, ফেরদৌস, আপন ও আকাশের উপর অতর্কিত হামলা চালায়।

তারা দোকানের ভিতর আটক রেখে তাদের শারীরিকভাবে নির্যাতন করে। সংবাদ পেয়ে শামীমুজ্জামান শামীম তাদেরকে উদ্ধার করতে গেলে ওই সন্ত্রাসীরা শামীমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার শামীমকে হাসপাতালে ভর্তি করেন এবং আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনায় যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।