যবিপ্রবির ৫ম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ইয়ারুল কবিরের যোগদান

0
অধ্যাপক ড. ইয়ারুল কবির, ছবি: সংগৃহীত।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পঞ্চম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবির। বুধবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

নবনিয়োগপ্রাপ্ত উপাচার্যকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ ফুল নিয়ে আসলেও তিনি বিনয়ের সাথে তা গ্রহণ করেননি। বরং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

যোগদানের আগে নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. ইয়ারুল কবির বলেন “যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। আমাদের লক্ষ্য হবে এই গবেষণার গতিকে আরও বেগবান করা। অন্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাব থাকা সত্ত্বেও এই বিশ্ববিদ্যালয়টি ছিল আমার প্রথম পছন্দ।

তিনি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

যোগদান প্রক্রিয়া শেষে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ কর্মসূচির আদলে বিশ্ববিদ্যালয় চত্বরে একটি নিম গাছ রোপণ করেন নবনিযুক্ত উপাচার্য। এর মাধ্যমে তিনি সবুজ ক্যাম্পাস গড়ার বার্তা দেন।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ৪ বছরের জন্য এই পদে নিয়োগ প্রদান করা হয়।