যবিপ্রবির কর্মচারী বাদল ও শাহিনুর সাময়িক বরখাস্ত

0

 

যবিপ্রবি সংবাদদাতা ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি খাদ্য ও প্রযুক্তি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল)  উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বরখাস্তাদেশ আরোপ করা হয়।
সাময়িক বরখাস্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের সিকিউরিটি অ্যান্ড এস্টেট শাখার নিরাপত্তা সুপারভাইজার বদিউজ্জামান বাদল ও শেখ হাসিনা হলের নিরাপত্তা প্রহরী শাহিনুর রহমান। অফিস আদেশে জানানো হয়, শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনকে শারীরিকভাবে নির্যাতন ও গুরুতর জখম করার অভিযোগের ভিত্তিতে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা হওয়ায় ও ঘটনার পর থেকে বদিউজ্জামান বাদল ও শাহিনুর রহমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত থাকেন। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে যবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সাধারণ আচরণ শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিধি অনুযায়ী তা অপরাধ বলে বিবেচিত হওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, নিরাপত্তা সুপারভাইজার বদিউজ্জামান বাদল ও নিরাপত্তা প্রহরী শাহিনুর রহমানকে আগামী ১০ দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নিদিষ্ট সময়ের মধ্যে নোটিশের উত্তর পেলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম আনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।
শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনকে পেটানোর অভিযোগে সিকিউরিটি সুপারভাইজার বদিউজ্জামান বাদল ও শাহিনুর রহমান সাগরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মুজাহিদ হাসান গত শুক্রবার বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় মামলা করেন। এছাড়া গত শনিবার (১৫ এপ্রিল) বেলা ১২ টায় প্রেস ক্লাব যশোরের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিরাপত্তা সুপারভাইজার বদিউজ্জামান বাদল ও নিরাপত্তা প্রহরী শাহিনুর রহমানকে ক্য্পাাসে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বরখাস্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।