যবিপ্রবিতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

0

লোকসমাজ ডেস্ক ॥ বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানোসহ নানা আয়োজনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১৫ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং যবিপ্রবির বিজ্ঞান অনুষদের সার্বিক সহযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। যবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াডের পরীক্ষা ও সমাপনী অনুষ্ঠান যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, বিজ্ঞান অলিম্পিয়াডের মতো মেধা বিকাশের আয়োজনে যারা সম্পৃক্ত হয়েছেন এবং যেসকল শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করেছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতেও বিজ্ঞানমনস্ক এধরনের প্রতিযোগিতা এই বিশ্ববিদ্যালয়ে আয়োজন হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। বিজ্ঞপ্তি।