মোরেলগঞ্জে কৃষি দপ্তরে দুদকের অভিযান, হদিস মেলেনি ১১টি কম্বাইন্ড হারভেস্টারের

0

 

মোরেলগঞ্জ সংবাদদাতা॥ বাগেরহাটের মোরেলগঞ্জ কৃষি দপ্তরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। কৃষি দপ্তর থেকে বিতণকৃত ১৪টি কম্বাইন্ড হারভেস্টার (ধানকাটা) মেশিনের মধ্যে ১১টি মেশিনের হদিস না থাকায় ওই অভিযান চালায় দুদক।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা কৃষি দপ্তরে বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘন্ট্যাব্যাপী অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে দুদক কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, সরকারিভাবে এ উপজেলায় ৭০% ভর্তুকি মূল্যে ২০২১-২০২২ ও ২০২৩-২০২৪ অর্থ বছরে সাধারণ কৃষকদের মাঝে স্বল্প সময়ে ধান কাটার সুবিধার্থে ১৪ টি কম্বাইন্ড হারভেস্টার (ধানকাটা মেশিন) আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। প্রতিটি মেশিনের মূল্যে ধরা হয়েছে ৩০ লাখ থেকে ৩২ লাখ টাকা। এরমধ্যে কৃষক বহন করেছে ৯ লাখ টাকা। বাকি টাকা সরকার ভতুর্কি দিয়েছে। কাগজেকলমে এ মেশিনগুলো বিতরণ দেখানো হলেও বাস্তবে ১১ টি মেশিনের কোন হদিস মিলছে না।
সুবিধাভোগীদের অনেকেই বলছেন, তাদের নিকট থেকে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে তালিকায় নাম সংযুক্ত করে বিতরণের ছবি তুলেই কার্যক্রম শেষ করা হয়েছে।