মোবারকগঞ্জ সুগার মিলের ২ লাখ টাকার তামার তার চুরি

0

শিপলু জামান,কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের তামার তার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিল কর্তৃপক্ষ অভিযোগ দিলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি থানা পুলিশ।
জানা গেছে, গত ২৪ অক্টোবর রাতে সুগার মিলের ইটিপি সংযোগের তার চুরি হয়। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। চুরির ঘটনায় ২৮ অক্টোবর মিলের জুনিয়র অফিসার (নিরাপত্তা) মতিয়ার রহমান কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে দুস্কৃতকারীদের নাম উল্লেখ করা হলেও নীরব ভূমিকা পালন করছে পুলিশ।
কালীগঞ্জ থানায় অভিযোগে উল্লেখ করা হয়েছে, সুগার মিলের কারখানার পেছনে ইটিপি সংযোগের মূল্যবান তামার তার চুরি হয়। ২৫ অক্টোবর বলিদাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে জহুরুল ইসলাম ৩৭ কেজি মূল্যবান তামার তার বৈশাখী তেলপাম্পের আব্দুল্লাহর ভাঙাড়ির দোকানে বিক্রয় করেন। একই গ্রামের বাবর আলীর ছেলে মো. রাশেদ তার চুরির সাথে জড়িত বলে উল্লেখ করা হয় অভিযোগে।
জুনিয়র অফিসার (নিরাপত্তা) মতিয়ার রহমান জানান, চুরির ঘটনার পর আমরা খোঁজ খবর নিয়ে ৩৭ কেজি তার উদ্ধার করি ওই ভাঙাড়ি দোকান থেকে। এরপর সুনির্দিষ্টভাবে থানায় অভিযোগ দায়ের করি। কিন্তু পুলিশ এখনো উল্লেখযোগ্য কোন ব্যবস্থা নেয়নি।
কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত করছি। আমরা অভিযুক্তদের আটক ও বাকি তার উদ্ধারের চেষ্টা করছি।