মোচিকে চিনি খাওয়া নিয়ে সংঘর্ষ শ্রমিক ও ট্রলিচালকদের

0
ছবি: সংগৃহীত।

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদাদাতা॥ ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে চিনি খেতে নিষেধ করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২ টার দিকে কারখানার ভেতর এ ঘটনা ঘটে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক জানান, ওজন করা চিনির বস্তা থেকে আখ বহনকারী ট্রলি ড্রাইভাররা চিনি খেতে গেলে সেখানে দায়িত্বরত শ্রমিকরা তাদের নিষেধ করেন।

এ সময় দুইপক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে হাতাহাতি শুরু হয়। পরে আখটানা ট্রলি ড্রাইভাররা বাইরে বের হয়ে কিছুক্ষণ পর ফের দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়েন শ্রমিকদের ওপর ।

তাদের আক্রমণে কারখানার বোয়িং হাউস ফোরম্যান আবদার হোসেন গুরুতর জখম হন। তাৎক্ষণিকভাবে সেখানে থাকা শ্রমিকদের প্রতিরোধে আখ টানা ট্রলি ড্রাইভাররা ঘটনাস্থল ত্যাগ করলেও দুইজকে ধরে ফেলে শ্রমিকরা। ওই দুজনকে কারখানা গেটে অবস্থিত টাইম অফিসের মধ্যে আটকে রাখেন তারা। এই দুইজন হলেন, উপজেলার পুকুরিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে আকাশ ও একই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রকি ইসলাম।

পরে ঘটনাস্থল থেকে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপরদিকে আহত শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার করা হয়।

মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম মারামারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়ে মারামারির ঘটনায় জড়িত থাকা শ্রমিকদের হাতে আটক দুজনকে থানায় নিয়ে আসি। এখনো পর্যন্ত এ ঘটনায় সুগার মিল কর্তৃপক্ষ কোন লিখিত অভিযোগ বা মামলা করেনি।