মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ আটক ৬

0

মোংলা (বাগেরহাট)সংবাদদাতা॥ মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। আটকদের মধ্যে ২ জন নারীও রয়েছেন। আটকরা হলেন ঢাকার কেরানীগঞ্জের মো. রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন, সাইদুল ইসলাম ও ঝিনাইদাহের কালীগঞ্জের কল্পনা আক্তার নাজু ও মোসাম্মাত মুক্তা। এদের কাছ থেকে ৮টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
বুধবার সকালে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের ( মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালান কোস্টগার্ড সদস্যরা। ওই সময় মোংলা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশ করে ১১ কেজি হরিণের মাংস জব্দ করেন কোস্টগার্ড সদস্যরা। এছাড়া ওই ঘটনার সাথে জড়িত থাকায় নারীসহ ৬ জনকে আটক করা হয়। পরে জব্দ হরিণের মাংস, মাইক্রোবাস ও আটকদের বনবিভাগের ঢাংমারী স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, আটকদের বুধবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।