মোংলায় পাঁচটি পরিবারকে উচ্ছেদ করে জমি দখল চেষ্টার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

0

 

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় প্রায় ৪০ বছর ধরে খাস জমিতে বসবাসকারী পাঁচটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করে সেখানে বাজার বসাতে চাচ্ছেন প্রভাবশালী ব্যক্তিরা। এই অভিযোগে রোববার ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শনিবার রাতে প্রভাবশালী ওই ব্যক্তিদের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ভূমিহীনদের বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর, পরিবারের সদস্যদের মারধর টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটপাট করে। ভুক্তভোগী ভূমিহীন পরিবারগুলো এখন প্রভাবশালীদের হুমকির ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে জান মালের নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিঠাখালী ইউপি কার্যালয় সংলগ্ন নিতাখালী মোড়ে সরকারি রেকর্ডীয় খালের পাশে বেশ কিছু খাস জমি রয়েছে। এরমধ্যে দীর্ঘ প্রায় ৩০/৪০ বছর ধরে ৩২ শতক জমি আব্দুল খালেক, মহর আলী শেখ, লতিফ চৌকিদার, সাদ্দাম ওরফে লিটন চৌকিদার, জলিল চৌকিদারসহ ৫টি ভূমিহীন পরিবার বস ঘর তৈরি করে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছে। বছর দুয়েক আগে ওই খাস জমির ওপর স্থানীয় সাঈদ হাওলাদার, সেকেন্দার হাওলাদার ও মোরতাজ শেখসহ এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তির লোলুপ দৃষ্টি পড়ে। তারা বিভিন্ন সময়ে নানা কৌশলে ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ করে ওই জমি তাদের দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর সেখানে স্থানীয় বাজার বা হাট বসানোর কথা বলে প্রভাবশালীরা ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা চালায়। সর্বশেষ ভূমিহীনদের উচ্ছেদের উদ্দেশ্যে শনিবার রাতে প্রভাবশালী ব্যক্তিরা তাদের সহযোগীদের নিয়ে মোটরসাইকেল ও থ্রি-হুইলারে করে অর্ধ শতাধিক সশস্ত্র সন্ত্রাসী রাম দা লাঠিসোটা নিয়ে ভূমিহীন আব্দুল খালেক, মোহর আলী, লতিফ চৌকিদারের বসতঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ভূমিহীন পরিবারের সদস্যদের বেদম মারধরসহ টাকা মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে। প্রায় ঘন্টাব্যাপী তা-ব শেষে সন্ত্রাসীরা ভূমিহীনদের ওই জমি ছেড়ে অন্যত্র চলে যাবার হুমকি ধামকি দিয়ে চলে যায়। ভুক্তভোগী ভূমিহীন পরিবারগুলো এখন সন্ত্রাসীদের ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে রয়েছে। তারা নিজেদের পরিবারের জান ও মালের নিরাপত্তাহীনতায় ভুগছে।
স্থানীয় মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল ম-ল বলেন, বরাদ্দ না হলেও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে ওই খাস জমিতে ভূমিহীন পরিবারগুলো দীর্ঘ বছর ধরে বসবাস করছে। তবে এখন একটি মহল তাদের উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে এমন অভিযোগ তার কাছেও এসেছে।
এ ব্যাপারে অভিযুক্ত সাঈদ হাওলাদার ও মোরতাজ শেখ বলেন, কোনো ভূমিহীনদের বসত ঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করিনি।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়েরের জন্য মহর আলী বাদী হয়ে সাঈদ হাওলাদার, মোরতাজ শেখ, সেকেন্দার হাওলাদার, ইয়াসীন শেখ, আলামিন শেখ, জিয়ার শেখ, জব্বার শেখ, জয়নাল শেখ ও ইব্রাহিম শেখসহ অঞ্জাতনামা আরও ৪০/৫০ জনের বিরুদ্ধে মোংলা থানায় একটি অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।