মোংলায় পশুর নদীতে জলবায়ু অবরোধ

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ কয়লা, গ্যাস, বা হাইড্রোজেন নয়; নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন চাই। এলএনজি টার্মিনাল ও জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করো। সূর্য যেহেতু জ্বালানি দেয়, তাই তেল আমদানির কোনো প্রয়োজন নেই। জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন করো। আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। জলবায়ু পরিবর্তনের জন্যে দায়ী দেশগুলোর কাছে ঋণ নয়, আমরা ক্ষতিপূরণ চাই।
শুক্রবার সকালে জ্বালানি অধিকার সপ্তাহ উপলক্ষে মোংলার চিলা বাজার এলাকার সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে জলবায়ু অবরোধ ও অবস্থান কর্মসূচি পালনকালে সমাবেশে বক্তারা এসব কথা বলেন। জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও ব্রতীর আয়োজনে এ জলবায়ু অবরোধ এবং অবস্থান কর্মসূচি পালিত হয়।
জলবায়ু অবরোধ ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। জলবায়ু অবরোধ ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স বাংলাদেশের কমলা সরকার, বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার শেখ রাসেল, মেহেদী হাসান বাবু, তন্বী মন্ডল প্রমুখ। জলবায়ু অবরোধ কর্মসূচিতে বক্তারা আরো বলেন, জলবায়ু সংকটের জন্যে আমরা দায়ী না। অতিরিক্ত মাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তন আজ অনিবার্য হিসেবে দেখা দিয়েছে। জীবাশ্ম জ্বালানি ক্লিন এনার্জি না। তাই জীবাশ্ম জ্বালানি নীতি পরিহার করে নবায়নযোগ্য জ্বালানি নীতি গ্রহণ করতে হবে।
জলবায়ু অবরোধ ও অবস্থান কর্মসূচি ছাড়াও শুক্রবার দুপুরে মোংলার খাসেরডাঙ্গা গার্লস স্কুল মাঠে ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এবং ব্রতীর আয়োজনে জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে গ্রাম বাংলার জনপ্রিয় লাঠিখেলা অনুষ্ঠিত হয়।