মোংলায় তিন শতাধিক পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

0
ছবি: সংগৃহীত।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ উপকূলের প্রতিটি ঘরে সংকট নিরসনে সুপেয় পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে। রোববার মোংলা উপজেলার দিগরাজ এলাকায় বুড়িরডাঙ্গা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে বৃষ্টির পানি সংরক্ষণের পানির ট্যাংক বিতরণকালে পরিবেশ, বন ও জলবায়ু পেিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি এ কথা বলেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নের বাসিন্দাদের মধ্যেও ট্যাংক বিতরণ করেন তিনি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মোংলার আয়োজনে এদিন ছয় ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মধ্যে পানির ট্যাংক বিতরণ করা হয়। বৃষ্টির পানি সংরক্ষণ করে তা পারিবারিক প্রয়োজনে ব্যবহারের মাধ্যমে উপকূলীয় জনপদের সুপেয় পানির সংকট কিছুটা কমানোই এ উদ্যোগের লক্ষ্য।

প্রতিমন্ত্রী বলেন, তীব্র লবণাক্ততাপ্রবণ উপকূলীয় মোংলা ও আশপাশের এলাকায় সুপেয় পানির মারাত্মক সংকট রয়েছে। লবণাক্ততার কারণে এ অঞ্চলের মানুষের নিরাপদ পানির ব্যবস্থা করা একটি বড় চ্যালেঞ্জ। এ সংকট মোকাবিলায় বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ব্যবহারের সুযোগ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, উপকূলের মানুষের জন্য পানির ট্যাংক বিতরণ অব্যাহত থাকবে। একই সঙ্গে সুপেয় পানির স্থায়ী উৎস তৈরির লক্ষ্যে সরকারি পুকুরগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাংক বিতরণ অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর মোংলার উপসহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন ও মোস্তাফিজুর রহমান জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।