মোংলায় ইউপি চেয়ারম্যানের ড্রাইভারকে মারধর করে টাকা ছিনতাই

0

মোংলা ( বাগেরহাট) সংবাদদাতা॥ মোংলার সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদারের ৭০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ সময় চিহ্নিত দুর্বৃত্তরা চেয়ারম্যানের মোটরসাইকেল চালক শহিদুলকে মারপিট করে জখম শেষে শ^াসরোধ করে তাকে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে। পরে মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মোংলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভূক্তভোগী ও এলাকাবাসী সূত্র জানায়, স্থানীয় সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদারের ব্যক্তিগত মোটরসাইকেলের চালক হিসেবে শহিদুল (৪৬) দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন। গত সংসদ নির্বাচনের আগে জানুয়ারি মাসে স্থানীয় ফারুক ঢালী, হাসান শেখ ও গোলাম শেখ ইউপি চেয়ারম্যান ইকরামের কাছে ৭০ হাজার টাকা পাওনা রয়েছে দাবি করে ওই টাকা পরিশোধের জন্যে শহিদুলকে হুমকি দেয়। সে সময় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি থানা পুলিশকে জানালে ওই ব্যক্তিরা এ নিয়ে আর তার সাথে বাড়াবাড়ি করেনি। এরপর শহিদুল মোটরসাইকেল নিয়ে বুধবার বিকেলে চেয়ারম্যান ইকরাম ইজারাদারের ঘেরের মাছ বিক্রির ৭০ হাজার টাকা নিয়ে মোংলা থেকে যাওয়ার পথিমধ্যে ঢালীর খন্ড ব্রিজ এলাকায় পৌঁছালে ওই চিহ্নিত দুর্বৃত্তরা তার পথরোধ করে । এক পর্যায়ে দুর্বৃত্তরা শহিদুলের কাছে থাকা মাছ বিক্রির ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়াসহ তাকে মারপিট করে জখম শেষে শ^াসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার বলেন, চিহ্নিত ওই দুর্বৃত্তরা তার কাছে কোন বকেয়া টাকা পাবে না। গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তিনি নির্বাচন করায় তারা তার বিরুদ্ধে লেগে রয়েছেন। অপরদিকে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, মোটরসাইকেল ড্রাইভারকে মমারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।