মেহেরপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

0

মেহেরপুর প্রতিনিধি॥ মেহেরপুরের পল্লীতে চম্পা খাতুন (২০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে গাংনী উপজেলার পূর্ব মালসাদহ গ্রামে এ ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।এ হত্যাকাণ্ডের বিষয়টি পরিষ্কার নয় উল্লেখ করে ওসি বলেন, ‘প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ড নিয়ে রহস্যের আভাস পাওয়া যাচ্ছে। নিহতের গলায় দাগ রয়েছে। ঘটনাটি ডাকাতির নাকি পারিবারিক কোলহের জেরে হত্যাকাণ্ড তা তদন্ত করা হচ্ছে।’ এক সন্তানের মা চম্পা পূর্বমালসাদহ গ্রামের ইটভাটা শ্রমিক জুয়েল রানার স্ত্রী।
জুয়েলের বড় ভাই সোহেল রানা জানান, দশ-বারো জনের একদল ডাকাত ঘরে ঢুকে জুয়েল ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করে। মধ্যরাতে জুয়েলের বাড়ি থেকে চিৎকারের শব্দ পেয়ে প্রতিবেশীরা এসে বাড়ির আঙিনায় চম্পার লাশ পড়ে থাকতে দেখেন। জুয়েলকে বাড়ির পাশে একটি বাঁশবাগানের নিচে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চম্পাকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় জুয়েল চিকিৎসাধীন রয়েছেন। গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার তরুরাজ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই চম্পার মৃত্যু হয়েছে। এছাড়া তার গলায় দাগ ও কপালে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার স্বামীর শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।