মেসির চুমু আঁকা সেই বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

0
২০২২ বিশ্বকাপ ফাইনাল জিতেই শিরোপায় চুমু এঁকে দিয়েছিলেন মেসি ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক॥ লিওনেল মেসির সেই স্মরণীয় চুমু আর বিশ্বজয়ের সাক্ষী হয়ে থাকা ফিফা বিশ্বকাপ ট্রফি এখন রাজধানী ঢাকায়। আজ বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফিটি নিয়ে অবতরণ করেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা গিলবার্তো সিলভা। ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’-এর অংশ হিসেবে বিশেষ বিমানে ট্রফিটি বাংলাদেশে আনা হয়েছে।

কাতার বিশ্বকাপের সেই মাহেন্দ্রক্ষণে লিওনেল মেসি যখন গোল্ডেন বল নিয়ে ফেরার পথে ট্রফিটিতে গভীর আবেগে চুমু এঁকে দিয়েছিলেন, সেই ৬.১৭৫ কেজি ওজনের নিখাদ সোনার আসল ট্রফিটিই আজ ঢাকার আঙিনায়। গত ৩ জানুয়ারি সৌদি আরব থেকে শুরু হওয়া এই সফর বিশ্বের ৩০টি দেশের ৭৫টি ভেন্যু ঘুরে শেষ হবে মেক্সিকোতে। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শেষে জয়ী দলের হাতে উঠবে এই অনন্য শিরোপা।

ঢাকায় ট্রফিটি প্রদর্শনের ব্যাপ্তি এবার কিছুটা সীমিত রাখা হয়েছে। কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত বিজয়ীরাই কেবল নির্ধারিত টিকিট ও বোতলের ক্যাপ প্রদর্শন করে এটি দেখার এবং স্মৃতি ধরে রাখার সুযোগ পাচ্ছেন। আজ দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনী শেষে ট্রফিটি ঢাকা ত্যাগ করবে।