মৃত্যু গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে নেতানিয়াহু; ইরানকে দিলেন ‘হাড়গোড় ভেঙে দেওয়ার’ হুমকি

0
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে রহস্যের অবসান। সোমবার রাতে তিনি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন অথবা গুরুতর আহত হয়েছেন বলে গত কয়েকদিন ধরে চলা আন্তর্জাতিক গুঞ্জনের মধ্যেই প্রকাশ্যে এলেন তিনি। সোমবার (৯ মার্চ) রাতে ইসরায়েলের ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনকালে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’। এই পরিদর্শনের মাধ্যমে নিজের শারীরিক অবস্থা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটানোর চেষ্টা করেছেন তিনি।

পরিদর্শন শেষে নেতানিয়াহু তাঁর যুদ্ধবাজ অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “ইরানি জনগণ স্বৈরশাসনের শিকল ছুড়ে ফেলুক—সেটি আমরা চাই। তবে এতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের হাড়গোড় ভেঙে দিয়েছি। আমাদের অভিযান এখনো চলমান।” তিনি আরও ইঙ্গিত দেন যে, ইরানি শাসনের পতনের বিষয়টি শেষ পর্যন্ত দেশটির জনগণের ওপর নির্ভর করলেও ইসরায়েলি সামরিক চাপ অব্যাহত থাকবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও তাঁর ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘অপারেশন রোরিং লায়ন’-এর অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হাইম কাৎজকে সঙ্গে নিয়ে এই পরিদর্শন করেন তিনি। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বার সিমান তোভ যুদ্ধকালীন স্বাস্থ্যসেবা খাতের প্রস্তুতি ও কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত ব্রিফ করেন। মূলত ইরানের আধা-সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে নেতানিয়াহুর ‘মৃত্যু বা গুরুতর অসুস্থতা’ নিয়ে খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এই ছবি ও বক্তব্য সামনে এল।