মুক্তিযুদ্ধকে হাতিয়ার বানিয়ে অপকর্ম করা হয়েছে : জেলা প্রশাসক

0

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার পর থেকে এক শ্রেণির মানুষ মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নানা অপকর্ম করে এসেছে বলে মন্তব্য করেছেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের যথাযথ মর্যাদা ও মূল্যায়ন পাননি।

সোমবার (৪ আগস্ট) দুপুরে যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সভাটির আয়োজন করে জেলা ইউনিট কমান্ড।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। বাংলাদেশ যখনই কোনো সংকটে পড়বে, তখন এই মুক্তিযোদ্ধারাই জাতিকে পথ দেখাবেন। তবে কোনো একটি বিশেষ গোষ্ঠীর ব্যানারে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ব্যবহার করা যাবে না।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকে আর বিকৃত করার সুযোগ নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে, যেখানে প্রতিটি মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে সম্মান ও মূল্যায়ন পাবে।

পরিচিতি সভায় মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ১৯৭১ সালে যেমন তারা দেশের জন্য যুদ্ধ করেছেন, ভবিষ্যতেও দেশের যেকোনো সংকটে তাঁরা সোচ্চার থাকবেন।

সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রবিউল আলম, সাবেক জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মুজাহারুল ইসলাম মন্টু, নবগঠিত কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, সাবেক সদর উপজেলা ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দুদুলসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সাবেক কমান্ডারবৃন্দ এবং নবগঠিত কমিটির সদস্যরা।