মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী; দ্রুত বিদেশে পাঠানোর নির্দেশ

0
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী’র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার জুমার নামাজের পর তিনি হাসপাতালে গিয়ে বর্ষীয়ান এই নেতার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাসপাতাল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর চিকিৎসারত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাঁর উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার সব ধরনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ প্রদান করেন।

এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছিল, চিকিৎসকদের পরামর্শে পরিবার মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) ভর্তির সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যা ৬টায় একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে গভীর রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রিয় নেতার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।