মার্কিন বাণিজ্য চুক্তি বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করবে: আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী

0
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ।। ফাইল ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) চুক্তি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানিনিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের এক প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদের কথা জানান।

রপ্তানি বাজার সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি এআরটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্কসুবিধা নিশ্চিত হয়েছে।’ তিনি আরও জানান, বাজার সম্প্রসারণ ও শুল্কসুবিধা নিশ্চিতের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিইপিএ (সমন্বিত অর্থনৈতিক অংশীদারি চুক্তি) আলোচনা শুরু হয়েছে এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের কার্যক্রম এগিয়ে চলছে। এছাড়া ভিয়েতনামের বাজারে বাংলাদেশের আলু রপ্তানির সুযোগ উন্মুক্ত হয়েছে এবং মালয়েশিয়ায় আম রপ্তানির বিষয়ে কার্যক্রম চলমান।

সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া বল প্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন। রাখাইনের পরিবর্তিত পরিস্থিতিতে সব পক্ষের সাথে আলোচনা চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার শপথ গ্রহণের পর মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং আরাকান আর্মির প্রধান উভয়েই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান, যা ইতিপূর্বে ঘটেনি।’

এদিকে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ১৭টি দেশের ২০টি মিশনে বাংলাদেশের নিজস্ব মালিকানাধীন ভবন রয়েছে। বাকি মিশনগুলো ভাড়ায় পরিচালিত হচ্ছে, যার জন্য সরকারের বার্ষিক প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়।