ভারতের ইলিশকে দেশি বলে বিক্রির অভিযোগে যশোরে জরিমানা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ভারত থেকে আমদানি করা ইলিশ ও দেশি ইলিশ উল্লেখ করে প্রতিষ্ঠানের বিক্রির রশিদ না দেওয়ায় যশোর শহরের বড় বাজারের মাছ বাজারের এক আড়ৎদারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ভারত থেকে আমদানি করা ইলিশের মূল্য কম। অপরদিকে চাহিদা থাকায় দেশি ইলিশের মূল্য বেশি।

বাজারের খুচরা বিক্রেতারা কোনো প্রকার ভেদ উল্লেখ না করে উভয় ইলিশ একসাথে মিশিয়ে বেশি মূল্যে বিক্রি করায় ভোক্তা অর্থাৎ ক্রেতারা ঠকছেন।

বিশেষ করে আড়ৎদারের পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠানের প্যাডের বিক্রির রশিদ না দেওয়ায় খুচরা বিক্রেরাও এই সুযোগ নিয়ে অসৎ কাজে ব্যবহার করছেন। প্রতিষ্ঠানের বিক্রির রশিদে অবশ্যই কোন ইলিশ আমদানি করা এবং কোনো ইলিশ দেশি তা অবশ্যই উল্লেখ করতে হবে।

তিনি বলেন, মাছ বাজারের কর্ণফুলি ফিস নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ ধরনের পাইকারি বিক্রির সত্যতা পাওয়া যায়। এছাড়া নির্ধারিত মূল্য ও আমদানি করা মাছের এলসি-সংক্রান্ত কাগজপত্র না দেখাতে পারায় কর্ণফুলি ফিস কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।