মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগ: ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা ২ দিনের রিমান্ডে

0
আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ; দুই দিনের রিমান্ডে ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, সকালে তাহরিমাকে আদালতে হাজির করা হলে তার সমর্থকরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনের হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে তাহরিমার নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ চক্র।

গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী তাহরিমা জান্নাত সুরভী সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিতর্কিত কর্মকাণ্ড ও টার্গেট করা লাইভের মাধ্যমে পরিচিতি পান। এই পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন এবং পরবর্তীতে ব্ল্যাকমেইলের মাধ্যমে বিপুল অর্থ আদায় করতেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।