যশোর থেকে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার পিবিআইর, হোতাসহ ৩ জন আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ আড়াই মাস আগে যশোর শহরের রেল রোড চার খাম্বার মোড় এলাকার হোটেলে ওরিয়নের সামনে থেকে একটি ইজিবাইক চুরি হয়েছিলো। পিরোজপুর, সাতক্ষীরা ও খুলনায় ধারাবাহিক অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত চক্রের হোতা দিদারুল ইসলাম দিদারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন, যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার টিপু সুলতানের ছেলে মো. দিদারুল ইসলাম দিদার (২৫), সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার মির্জাপুর এলাকার আতিয়ার সরদারের ছেলে ফিরোজ সরদার (২১) ও কেশা এলাকার রুহুল আমিন সরদারের ছেলে মো. শাহাদাত হোসেন নাইস (২৩)।

পিবিআই জানায়, গত ২ জুলাই সকাল ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা শাকিল হোসেন নিজস্ব ইজিবাইকে করে ডেকোরেশনের মালামাল নিয়ে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে যান।

পরে তিনি হোটেলের সামনে ইজিবাইক রেখে তৃতীয় তলায় কাজে যান। বেলা সাড়ে ১১টার দিকে কাজ শেষে নিচে নেমে এসে ইজিবাইকটি আর দেখতে পাননি। অনেক খোঁজাখুঁজি করে ইজিবাইকের সন্ধান না পেয়ে গত ১১ আগস্ট তিনি কোতয়ালি থানায় একটি মামলা করেন। পরবর্তীতে পিবিআই স্বপ্রণোদিত হয়ে মামলাটি তদন্তের উদ্যোগ নেয়। তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয় পিবিআইয়ের এসআই মো. মিলন মিয়াকে।

এসআই মো. মিলন মিয়া জানান, তাদের পুলিশ সুপার ( অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. কামরুজ্জামানের তত্ত্বাবধায়নে এসআই মো. মাসুদসহ একটি টিম নিয়ে প্রথমে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে চক্রের হোতা ও চোর দিদারুল ইসলাম দিদারকে তার ভাড়া বাসা থেকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর ভোর ৫টা ২৫ মিনিটে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার মির্জাপুর এলাকা থেকে চক্রের সদস্য ফিরোজ সরদারকে আটক করা হয়।

পরবর্তীতে ফিরোজের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ৪৫ মিনিটে পাটকেলঘাটার কেশা এলাকা থেকে আরেক সদস্য শাহাদাত হোসেন ওরফে নাইসকে আটক করা হয়।

তিনি জানান, আটক শাহাদাত হোসেনের দেওয়া তথ্য ও দেখানো মতে একই দিন দুপুর ২টা ১৫ মিনিটে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া বাজারের ‘মেসার্স তানিয়া অটো গ্যারেজ’ থেকে শাকিল হোসেনের চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।

পিবিআই সূত্র জানায়, দিদারুল ইসলাম দিদার ইজিবাইক চুরি করে প্রথমে ফিরোজ হোসেনের কাছে গিয়ে তার কাছে হস্তান্তর করে। এরপর ফিরোজ হোসেন ওই ইজিবাইক শাহাদাত হোসেনের কাছে রেখে দেন।